তাহসিফকে হত্যা করা হয়েছে, দাবি বাবার

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, বিকাল ০৭:২৩


বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরিকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন তার বাবা কে এম এনায়েতুল করিম হেলাল। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সোহরাওয়ার্দী হাসপাতালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
 
তাহসিফের বাবা বলেন, এটা সুইসাইড না। ও সারাদিন ওর মায়ের সঙ্গে ছিল। শপিং করেছে, ভেরি হ্যাপি মুডে ছিল। এটা সরকার তদন্ত করলে বের করতে পারবে। কারণ সে তো একজন অ্যাসেট। একজন পাইলট তো দেশের অ্যাসেট। সরকার তদন্ত করলে প্রকৃত সত্য বের করতে পারবে। অপরাধীদের বের করতে পারবে, কোন চক্র, কারা কী উদ্দেশ্যে এটা করেছে।
 
ছেলে কার সঙ্গে বের হয়ে ছিলেন এই প্রশ্নের জবাবে এনায়েতুল করিম বলেন, দীপ নামে একজন বন্ধু এসে ডেকেছিল। ওর মাকে বলেছিল, আমি নিচ থেকে একটু কথা বলে আসি। কিন্তু তারপরে আর ও ফেরে নাই। লাস্ট রাত ১টা ৩৫ মিনিটে সে একটি ভয়েজ ম্যাসেজ দিয়েছিল দ্রুত যে, আমি আসতেছি।
 
তাহসিফকে হত্যা করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কারণ তাকে নিয়ে নদীতে ফেলে দিয়েছে আরেক এলাকায়। হত্যা করা হয়েছে বলে সন্দেহ করি।
 
প্রসঙ্গত, নিখোঁজের একদিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকালে তুরাগ নদীতে তাহসিফ সৌরির মরদেহ পাওয়া যায়। তার পকেটে থাকা আইফোন থেকে তাহসিফের পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

এমএসি/আরএইচ

Link copied