নতুন পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ৮ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, দুপুর ০৪:০৭


নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণে আটটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন অসামরিক পদে জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তিদের ক্ষেত্রে এসব সিদ্ধান্ত প্রযোজ্য হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের যুগ্মসচিব শরীফ নজরুল ইসলাম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১ জুলাই থেকে জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ায় চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন এবং ভবিষ্যতে নিয়োগ পাবেন, এমন ব্যক্তিদের ক্ষেত্রেও এসব সিদ্ধান্ত প্রযোজ্য হবে।

প্রজ্ঞাপনে নেওয়া ৮ সিদ্ধান্ত নিচে তুলে ধরা হলো:

 
 

১. আগের চুক্তির মেয়াদ চলমান থাকলে নতুন স্কেলে বেতন নির্ধারণ

২০২৬ সালের ১ জুলাইয়ের আগে জাতীয় বেতন স্কেল-২০১৫-এর আওতায় বিভিন্ন গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োজিত যেসব কর্মচারীর চুক্তির মেয়াদ ১ জুলাইয়ের পরও বহাল রয়েছে, তাঁদের চুক্তি সংশোধন সাপেক্ষে নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে। সংশ্লিষ্ট গ্রেড ও ধাপ অনুসারে ১ জুলাই থেকে তাঁদের বেতন কার্যকর হবে।

এ ক্ষেত্রে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর নির্দিষ্ট বিধান অনুযায়ী বর্ধিত হারে বেতন এবং চুক্তিতে উল্লেখ থাকা প্রযোজ্য ভাতাদি দেওয়া হবে। তবে বার্ষিক বেতন বৃদ্ধির বিধান এর আওতাভুক্ত নয়।

২. নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের বেতন নির্ধারণ

১ জুলাইয়ের পর চুক্তিভিত্তিক পদে নিয়োগ পেয়েছেন বা পাবেন, তাঁদের অবসরের অব্যবহিত আগে পাওয়া মূল বেতনের গ্রেড ও ধাপের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে বিদ্যমান চুক্তি থাকলে তা সংশোধন করতে হবে।

চুক্তি অনুযায়ী যোগদানের তারিখ থেকে প্রযোজ্য বিধান অনুসারে বর্ধিত হারে বেতন ও চুক্তিতে নির্ধারিত ভাতা দেওয়া হবে। তবে বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত বেতন অথবা উভয় পক্ষের সম্মতিতে সম্পাদিত চুক্তিতে উল্লেখ করা বেতন কার্যকর হতে পারে।

৩. পেনশন বাদ দিয়ে চুক্তিভিত্তিক বেতন নির্ধারণ করা যাবে না

চুক্তিভিত্তিক নিয়োগে নির্ধারিত বেতন থেকে সংশ্লিষ্ট ব্যক্তির নির্ধারিত মোট পেনশন-কম্যুটেশন বা সমর্পণের আগের অঙ্ক এবং বিশেষ অতিরিক্ত পেনশন, যদি থাকে, বাদ দেওয়া যাবে না।

৪. চুক্তিভিত্তিক চাকরিতে ইনক্রিমেন্ট ও অতিরিক্ত অবসর সুবিধা নেই

চুক্তিভিত্তিক নিয়োগকালীন চাকরির জন্য কোনো ইনক্রিমেন্ট, আনুতোষিক বা বর্ধিত পেনশন দেওয়া হবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

৫. অবসরপ্রাপ্ত নন, এমন ব্যক্তিদের শর্ত আলাদাভাবে নির্ধারণ

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী নন, এমন ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বেতন-ভাতা ও অন্যান্য শর্ত প্রতিটি ক্ষেত্রে যোগ্যতা ও পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করা হবে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ সমন্বয় করে সিদ্ধান্ত নেবে এবং সে অনুযায়ী চুক্তিপত্র সম্পাদন করা হবে।

৬. আগের অসংগতিপূর্ণ আদেশ বাতিল

নতুন প্রজ্ঞাপনের সঙ্গে সাংঘর্ষিক আগের সব আদেশ, স্মারক ও নির্দেশনার সংশ্লিষ্ট অংশ বাতিল বলে গণ্য হবে। তবে নতুন প্রজ্ঞাপনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আগের নির্দেশনাগুলো বহাল থাকবে।

৭. পরবর্তী সরকারি আদেশও কার্যকর হবে

প্রজ্ঞাপনে বেতন-ভাতা সম্পর্কে যা বলা হয়েছে, তা সত্ত্বেও চুক্তি অনুযায়ী প্রদেয় বেতন, ভাতা ও অন্যান্য সুবিধার ক্ষেত্রে সরকার পরবর্তী সময়ে যেসব আদেশ জারি করবে, সেগুলো প্রযোজ্য হবে।

৮. ২০১৬ সালের প্রজ্ঞাপন বাতিল, কার্যকর ১ জুলাই থেকে

অর্থ বিভাগের ২০১৬ সালের ২৬ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপন বাতিল করে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নতুন প্রজ্ঞাপনটি গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।

এমএসি/আরএইচ

Link copied