স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০৩:৩৫
রাড্ডা ক্লিনিক দখল বিএনপির ধারাবাহিক চাঁদাবাজির অংশ বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না।
তিনি বলেন, সীমান্ত হত্যা পুশইনের মতো বিষয়গুলো জাতিসংঘে উপস্থাপন করতে পারেনি প্রধানমন্ত্রী তারেক রহমান। সংস্কারের আকাঙ্ক্ষা ও গণহত্যার বিষয়গুলোও এড়িয়ে গেছেন।
ভেরিফিকেশনের নামে যোগ্য মেধাবী প্রার্থীদের বাদ দেয়া হচ্ছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ভিন্নমতের প্রার্থীদের বাদ দেয়া হচ্ছে। রাজনৈতিক ও দলীয়ভিত্তিক করা হয়েছে সরকারি চাকরি। ভেরিফিকেশনের নামে সুস্পষ্ট তথ্য ছাড়া কাউকে বাদ দেয়া যাবে না।
তিনি বলেন, কালক্ষেপণ করে সংস্কারকে পিছিয়ে নেয়ার কৌশল নিয়েছে বিএনপি। যে প্রক্রিয়ায় সংবিধানের মৌলিক পরিবর্তন হবে না, সেটা মেনে নেবে না এনসিপি। সংস্কার বাস্তবায়ন না করলে দলীয় ও জোটগত আন্দোলন আরও বেগবান হবে। সরকারের সমালোচনা করলে এনসিপিকে টার্গেট করা হচ্ছে।
তিনি আরও বলেন, পুলিশকে ঠিক করতে হবে তারা দলীয় কাজে ব্যবহৃত হবে কি না। সরকারের সব আশ্বাস মিথ্যা প্রতিপন্ন হচ্ছে। ইসিতে দলীয় নিয়োগ দিয়ে স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের ছক আকা হচ্ছে। স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে এনসিপির তরুণ নেতৃত্ব জয়ী হবে।
এমএসি/আরএইচ