বিএনপি পানি তো খাবেই, ঘোলা করে খাবে: জামায়াত আমির
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০১:৩৩
‘বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে’—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তার বক্তব্যের সময় আট দফা দাবি থেকে প্রয়োজনে এক দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের এই লংমার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে। আমরা কোনও দলীয় দাবি নিয়ে আন্দোলনে নামিনি। গণভোটের গণরায় নিশ্চিত করার দাবিতে আন্দোলনে নেমেছি।’
তিনি বলেন, জনগণের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে।’
জামায়াত আমির আরও বলেন, আট দফা দাবি নিয়ে আন্দোলন শুরু হলেও প্রয়োজনে তা এক দফায় পরিণত হতে পারে। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি পালিত হচ্ছে।
পথসভায় এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, ‘আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না। আমরা সন্ত্রাস চাঁদাবাজিমুক্ত ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই। কিন্তু বর্তমান সরকার কোনো অবস্থাতেই তা পারছে না। আমরা সংস্কার চাই, করতে হবে।’
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, গণদাবি নিয়ে ১১ দল রাজপথে নেমেছে। গণভোটের গণরায় বাস্তবায়ন ছাড়া কোনও উপায় নেই।
একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের টালবাহানা বরদাশত করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে। আমরা সরকারের ব্যর্থতা কোটি কোটি মানুষকে জানাচ্ছি।
এ সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলেও জানান তিনি।
এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করা ও লুটপাট বন্ধের জন্য আমাদের লড়াই চলছে।
এর আগে শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ করে ১১ দলীয় ঐক্য। সকাল ৮টার দিকে সেখান থেকে লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করে। পথে তেজগাঁও, মহাখালী, বনানী, খিলক্ষেত, উত্তরা ও টঙ্গীতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা ফুল ও স্লোগান দিয়ে বহরকে অভিবাদন জানান। পরে গাজীপুরের ভোগরা বাইপাসে পথসভায় যোগ দেন জোটের নেতারা।
গাজীপুরের পথসভা শেষে লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করে। পথে টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালি বিমান মোড় ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা হওয়ার কথা রয়েছে। পরে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এমএসি/আরএইচ