এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ০৯:২৪
এশিয়ান গেমস নারী ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। শুক্রবার কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জাপানকে ৮ উইকেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আগামী ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল।
জাপানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে মাত্র ৫৭ রানে অলআউট হয় স্বাগতিকরা। ভারতের বাঁহাতি স্পিনার শ্রী চরানি ৪ ওভারে ১০ রান দিয়ে ৪ উইকেট নেন। শেফালি ভার্মা নেন ২ উইকেট।
৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। ব্যাট হাতে ঝড় তোলেন শেফালি। ১৫ বলে অপরাজিত ৪০ রানের ইনিংস খেলেন তিনি।
বাংলাদেশ অবশ্য মাঠে না নেমেই সেমিফাইনালের টিকিট পেয়েছে। চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ভেজা আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হলে উচ্চতর সিডিংয়ের সুবাদে শেষ চারে ওঠে নিগার সুলতানার দল। তখনই নির্ধারিত হয়েছিল, ভারত-জাপান ম্যাচের বিজয়ীর বিপক্ষে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ।
ভারত জাপানকে হারানোয় এখন নিগারদের সামনে বর্তমান চ্যাম্পিয়নরা। এশিয়ান গেমসে পদকের লড়াইয়ে তাই কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ।
অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে পাকিস্তান।
এমএসি/আরএইচ