আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ৯ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৫৬


৩টি অধ্যাদেশ, সরকারি বিল উত্থাপন এবং তা নিয়ে আলোচনার পাশাপাশি সংবিধান সংস্কার ও গণভোটের রায় কার্যকরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো কেন্দ্রে রেখে শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন।

সোমবার (৯ নভেম্বর) স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। যা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মোট ৮ দিন চলবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।

গতকাল রোববার (৮ নভেম্বর) বিকেলে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত করা হয়। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ অন্যান্য জ্যেষ্ঠ সদস্য ও হুইপগণ।

বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, সংসদের অধিবেশন সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে শুরু হবে।

তবে প্রয়োজনে স্পিকার সময় ও কার্যদিবসে পরিবর্তন আনতে পারবেন বলেও জানান তিনি।

অধিবেশনে সরকারি বিল, প্রশ্নোত্তর পর্ব ও জনগুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে সাধারণ আলোচনার মতো নিয়মিত কার্যক্রম থাকবে, তবে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করার পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যকার মতপার্থক্য রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। যদিও এবারের অধিবেশনে সংবিধান সংশোধনের কোনো বিল আসছে না বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এমএসি/আরএইচ

Link copied