জাতির সঙ্গে ঐতিহাসিক প্রতারণা করছে বিএনপি: জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩৮


কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান।
 
শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে লংমার্চ পূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।
 
সরকারের সমালোচনা করে জামায়াত আমীর বলেন, অতীত থেকে শিক্ষা না দিয়ে জাতির সঙ্গে ঐতিহাসিক প্রতারণা করছে বিএনপি।
 
তিনি বলেন, মাতারবাড়ি সমুদ্রবন্দর নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না, তা জাতির সামনে পরিষ্কার করতে হবে, কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেয়া চলবে না।
 
বিপ্লবের হুঁশিয়ারি দিয়ে শফিকুর রহমান বলেন, ৭ দফা দাবি না মানা হলে আরেকটি অনিবার্য বিপ্লব করা হবে।
 
একই সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি।
 
জাল ভোটের অভিযোগ করে তিনি বলেন, ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের দিয়ে ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিয়েছে বিএনপি।
 
তিনি আরও বলেন, সরকারের দলীয় সংকীর্ণতা পুরো জাতিকে জিম্মি করে রেখেছে। ৭ দফা দাবি না মানলে ক্ষমতা ছেড়ে দিন, না হলে আপনাদের পরিণতি হবে বিগত সরকারের মতোই।

এমএসি/আরএইচ

Link copied